দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৯৫ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৪১ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ৩৩৮ জন, সিলেটে ১৫৩ জন, বরিশালে ১২৭ জন, ময়মনসিংহে ১২২ জন, খুলনায় ৯৩ জন, রংপুরে ৩৬ জন এবং রাজশাহীতে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।
অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৪১ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ২১ হাজার ২১২ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যানে দেশে হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা অব্যাহত থাকার চিত্র উঠে এসেছে।