যশোরের কোতোয়ালী মডেল থানাধীন ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন প্রতারণা ও ভুয়া আইডি কার্ড তৈরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি ফোর্সেস। এ সময় প্রতারক চক্রের ব্যবহৃত বিপুলসংখ্যক কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, আইডি কার্ড প্রিন্টারসহ বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল ষষ্ঠীতলা এলাকার মো. রিপন হোসেনের তিনতলা ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঝিনাইদহ সদর উপজেলার বোংকিরা গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে আল মুছাব্বির রিয়াদ (২৩), যশোরের ঝিকরগাছা উপজেলার গোডাউন কলাগাছি গ্রামের মো. ইমান আলীর ছেলে মো. রাসেল হোসেন (২৭), ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের মো. শহিদুজ্জামানের ছেলে ফাহিম সাদিক (২২) এবং একই উপজেলার জলিলপুর গ্রামের মো. সজল আলীর ছেলে মো. সিয়াম আলী (২২)।
অভিযানকালে তাদের কাছ থেকে তিনটি ল্যাপটপ, পাঁচটি কম্পিউটার মনিটর, ১৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, চারটি কম্পিউটার পিসি, একটি আইডি কার্ড প্রিন্টার, চারটি কিবোর্ড, চারটি মাউস, একটি কালার প্রিন্টার, বিদেশি নকল ড্রাইভিং লাইসেন্স কার্ড, একটি পাওয়ার ব্যাংক ও একটি ওয়েব ক্যামেরা জব্দ করা হয়।
অভিযানকারী দলের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা এসব ডিভাইস ব্যবহার করে অবৈধভাবে বিভিন্ন ধরনের ভুয়া আইডি কার্ড তৈরি করতেন। পরে এসব পরিচয়পত্র ব্যবহার ও অনলাইনভিত্তিক বিভিন্ন কৌশলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তারা।
এসআরবি ফোর্সেস জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ মালামাল জব্দ এবং অস্ত্রধারী সন্ত্রাসী, জুয়াড়ি ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ষষ্ঠীতলায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।