সিরাজগঞ্জের বেলকুচিতে বৃহত্তর তাঁতী ঐক্য গড়ে তোলা ও তাঁতীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তাঁতশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা, সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং শিল্পের আধুনিকায়ন নিয়ে আলোচনা করেন তাঁত মালিক, ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার তামাই এলাকায় তামাই হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর এলাকার তাঁতশিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয় উঠে আসে। বক্তারা বলেন, এসব এলাকার বিপুলসংখ্যক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাঁতশিল্পের ওপর নির্ভরশীল। কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতে এ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তাঁরা বলেন, নানা সংকটে বর্তমানে তাঁত মালিক ও শ্রমিকরা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব সংকট মোকাবিলায় তাঁতীদের মধ্যে ঐক্য জোরদার, সহজ শর্তে ঋণ সুবিধা, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, বাজার সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন।
তাঁতশিল্পকে টিকিয়ে রাখতে মালিকদের পাশাপাশি শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নেওয়ার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর সহযোগিতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় সভাপতিত্ব করেন তামাই হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোলায়মান হোসেন মোল্লা।
প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। তিনি তাঁতশিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনেন এবং শিল্পের উন্নয়নে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।
এ সময় তিনি তাঁতীদের নিজেদের সমস্যা ও দাবিগুলো ঐক্যবদ্ধভাবে তুলে ধরার প্রয়োজনীয়তার কথা বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী বৈদ্যনাথ রায়, ওহিদুল ইসলাম খান, লাল মিয়া, সৈয়দ আলী, গোলাম কিবরিয়া বাবু সরকার ও শামসুজ্জামান অপু।
এ ছাড়া বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর এলাকার বিভিন্ন তাঁত মালিক, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং তাঁতশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভা শেষে বৃহত্তর তাঁতী ঐক্যকে আরও সুসংগঠিত করা এবং তাঁতীদের অধিকার ও শিল্পের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।