চট্টগ্রামের ফটিকছড়িতে রাতভর বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে মদ, গাঁজা ও ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ফটিকছড়ি ও ভূজপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানের সময় মদ, গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—নাজিরহাট পৌরসভার মো. শাজাহান (৩৮), মানিকছড়ির যোগ্যাছোলার বিজন ত্রিপুরা, কাঞ্চননগরের মো. ইমরান (৩৪) এবং ভূজপুরের মো. কুরবান আলী (৪৫)।
পরে আটক চারজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের দণ্ড দেওয়া হয়। এর মধ্যে দুজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড এবং অপর দুজনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে জব্দ করা মাদকদ্রব্য পরে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পৃথক চারটি মামলা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।