‘স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়তে ফার্মাসিস্টদের ক্ষমতায়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির সহযোগিতায় দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে ফার্মাসিস্ট শপথ পাঠ ও কেক কাটার মধ্য দিয়ে প্রথম পর্বের আয়োজন শেষ হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের কনভেনশন ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা ও সেমিনার। এতে সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের ডিন ও ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শামীম রেজা।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির সিনিয়র ম্যানেজার (হিউম্যান রিসোর্স) মো. ফয়সাল ইকবাল।
কিনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির সিনিয়র ম্যানেজার (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) মো. মোস্তাফিজুর রহমান। ইনভাইটেড স্পিকার হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ম্যানেজার (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) মো. জাহাঙ্গীর আলম খন্দকার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেরদুল হক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, ‘আপনারাই দেশের ভবিষ্যৎ। আজকের এই মেধাভিত্তিক বিশ্বে টিকে থাকতে হলে কেবল পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। অর্জিত জ্ঞানকে মানবকল্যাণে কাজে লাগানোর সৎ মানসিকতা গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, চিকিৎসাব্যবস্থায় ফার্মাসিস্টরা ‘মেডিকেশন এক্সপার্ট’। ওষুধের ভুল প্রয়োগ রোধ এবং রোগীদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে তাঁদের দায়িত্ব অত্যন্ত সংবেদনশীল। তাই শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য ফার্মাসিস্ট হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
উপাচার্য আরও বলেন, একাডেমিয়া ও ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির মধ্যে এ ধরনের মেলবন্ধন শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে ব্যবহারিক অভিজ্ঞতার যোগসূত্র তৈরি করবে। দেশের ঔষধশিল্পের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের সরাসরি যুক্ত হওয়ার সুযোগ তাদের ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ফার্মাসিস্ট হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে।
কিনোট স্পিকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, সুস্বাস্থ্য নিশ্চিত করতে ওষুধের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অ্যান্টিবায়োটিক ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে।
তিনি বলেন, অনেক সময় মানুষ চিকিৎসকের পরামর্শ ও নির্ধারিত নিয়ম অনুসরণ না করে ফার্মেসি থেকে ওষুধ কিনে সেবন করেন, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ক্ষেত্রে ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে দেশের জাতীয় স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নেও ফার্মাসিস্টদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে।