
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টা ২০ মিনিটের দিকে বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে কয়েকজন নারী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যরা এগিয়ে গেলে তাঁদের মধ্যে একজন টিকিটের লাইনে দাঁড়িয়ে থাকা মোছা. শারমিন খাতুন (৩০)-এর সঙ্গে ইচ্ছাকৃতভাবে বাকবিতণ্ডায় জড়ান।
অভিযোগ রয়েছে, বাকবিতণ্ডার সুযোগ নিয়ে ওই নারী পেছন থেকে শারমিন খাতুনের হিজাবের নিচ দিয়ে তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন টেনে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে শারমিন খাতুন তাৎক্ষণিকভাবে ওই নারীকে ধরে ফেলেন।
খবর পেয়ে কর্তব্যরত আনসার সদস্য মো. এরশাদ আলী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে আটক করেন। পরে আনসার সদস্য মো. সাগর মিয়া ও মো. মাসুম হাসানের সহযোগিতায় তাঁকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
আটক নারীর নাম মোছা. নুর জাহান বেগম (২৭)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার ধর্মগড় গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম ছুট মিয়া বলে জানা গেছে।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ নুর জাহান বেগমকে কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আনসার সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপে চুরির চেষ্টা ব্যর্থ হওয়ার পাশাপাশি সম্ভাব্য বিশৃঙ্খল পরিস্থিতিও নিয়ন্ত্রণে আসে। এতে হাসপাতালের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হয়।