
বাগেরহাটের রামপালে চাঞ্চল্যকর শেখ আহাদ আহমেদ ইতু (২৩) হত্যা মামলার এজাহারভুক্ত ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে খুলনার ফুলতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাকী বিল্লাহ শেখ (৪৭) ও মাসুম বিল্লাহ শেখ (৫২)। তারা বাগেরহাটের রামপাল উপজেলার কিসমত চণ্ডিতলা গ্রামের জাফর শেখের ছেলে।
এসআরবি-৬ সদর কোম্পানি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে খুলনা জেলার ফুলতলা থানার লারিপাড়া এলাকায় অভিযান চালায় এসআরবি-৬-এর একটি আভিযানিক দল। অভিযানে শেখ আহাদ আহমেদ ইতু হত্যা মামলার এজাহারভুক্ত ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মৎস্যঘের ও বসতবাড়ির জায়গা-জমি নিয়ে বাদী ও আসামিপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ২০ সেপ্টেম্বর রামপালের চণ্ডীতলা গ্রামে বাদীর বাড়ির সামনে ইটের সলিং রাস্তায় আসামিরা গিয়ে গালাগাল করেন।
এ সময় বাদীর ছোট ভাই শেখ আহাদ আহমেদ ঘর থেকে বের হয়ে রাস্তায় আসলে আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই শেখ রাহাত বাদী হয়ে রামপাল থানায় হত্যা মামলা করেন।
গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাটের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি ফোর্স।