নাগরিক সচেতনতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, নাগরিকদের সচেতনতা এবং সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ চলছে। ডিএনসিসির বিভিন্ন অভিযানে ৬০ থেকে ৭০ শতাংশ এলাকায় ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেলেও ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক কম রয়েছে।
তিনি বলেন, গত ১২ সেপ্টেম্বর ঘোষিত ৯০ দিনের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির আওতায় ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম চলছে। ইতোমধ্যে তিনটি বিশেষ ক্যাটাগরিতে সচেতনতামূলক লিফলেট তৈরি করে বাসাবাড়ি, সামাজিক সংগঠন ও বিভিন্ন গণপরিসরে বিতরণ করা হচ্ছে।
নগরবাসীর সহযোগিতা চেয়ে প্রশাসকের স্বাক্ষরযুক্ত খোলা চিঠিও বাসাবাড়ি, অফিস-আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসায় পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
শফিকুল ইসলাম খান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। যেখানে-সেখানে ময়লা ও ব্যবহৃত টিস্যু ফেলা বন্ধ করতে হবে। নাগরিক সচেতনতা ছাড়া পরিচ্ছন্নতার স্থায়ী সমাধান সম্ভব নয়।
ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, মিরপুর, উত্তরা ও কারওয়ান বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। উচ্ছেদের পর যাতে পুনরায় দখল না হয়, সে জন্য তদারকি বাড়ানো হয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, আগের তুলনায় এ খাতে অগ্রগতি হয়েছে। অধিক জনসমাগম ও ব্যস্ত প্রধান সড়কগুলোতে দুই শিফটে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রাতের বেলায় ময়লা ফেলা বন্ধে মহাখালীসহ বিভিন্ন এলাকায় নতুন ডাস্টবিন স্থাপন ও সেগুলোর সুরক্ষায় উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার বক্তব্য দেন। তারা ডিএনসিসির ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের প্রশংসা করে নগরবাসীকে সিটি করপোরেশনের কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান।
পরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি বের করা হয়। অনুষ্ঠানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ আব্দুল লতিফ, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।