
রাজধানীর শাহবাগ ও পল্টন এলাকায় পৃথক অভিযান চালিয়ে দেশীয় ওয়ান শুটার গান, শটগানের সীসা কার্তুজ, ছুরি, কাঠের স্ট্যাম্প ও স্টিলের রডসহ নাশকতা চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভোলার চরফ্যাশনের মো. আরমান (২৩), বরিশালের বাকেরগঞ্জের মানিক খান (২৩) এবং চাঁদপুর সদর এলাকার মো. মেহেদী হাসান (২৩)।
এসআরবি-৩ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানাধীন ওসমানী স্মৃতি মিলনায়তনের ১ নম্বর গেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় আরমান ও মানিক খানকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে আরমানের কাছ থেকে একটি দেশীয় শুটার গান ও একটি সবুজ রঙের শটগানের সীসা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শুটার গানটির ওজন প্রায় ১ কেজি ৬০ গ্রাম বলে জানিয়েছে এসআরবি।
এর প্রায় ২৫ মিনিট পর রাত ৯টা ৫৫ মিনিটে পল্টন থানাধীন মতিউর রহমান পার্কে পৃথক অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কাঠের হাতলযুক্ত দুটি ছুরি, পাঁচটি কাঠের স্ট্যাম্প এবং আনুমানিক দেড় ফুট লম্বা একটি স্টিলের রড উদ্ধার করা হয়।
এসআরবি-৩-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা রাজধানীর শাহবাগ, পল্টনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা একটি সংঘবদ্ধ নাশকতা চক্রের সক্রিয় সদস্য বলেও জানিয়েছে সংস্থাটি।
এসআরবি আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিজ হেফাজতে রাখার অভিযোগে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এ)/১৯(এফ) ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।