শিশুশিল্পী হিসেবে শোবিজে যাত্রা শুরু। বিজ্ঞাপন, নাটক আর সিনেমায় অভিনয় করে ধীরে ধীরে পরিচিতি পেয়েছেন সাফানা নমনি। তবে এবার ক্যারিয়ারে আসতে যাচ্ছে বড় পরিবর্তন। ছোট পর্দার পরিচিত মুখ নমনি এবার অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন সিনেমার নায়িকা হিসেবে।
সবকিছু ঠিক থাকলে নির্মাতা অনন্য মামুনের আলোচিত সিনেমা ‘দানব’-এ নায়িকা হিসেবে বড় পর্দায় দেখা যাবে তাকে। সিনেমাটি দিয়ে নায়িকা হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন দিয়ে শোবিজে পা রাখেন সাফানা নমনি। পরে আদনান আল রাজীবের ‘বিকাল বেলার পাখি’ নাটকে অভিনয় করে দর্শকের নজরে আসেন। এরপর সিনেমাতেও কাজ করেছেন তিনি। ‘পোড়ামন ২’ সিনেমায় পূজা চেরীর ছোটবেলার চরিত্রে অভিনয় করেন নমনি।
তবে তাঁর ক্যারিয়ারে সবচেয়ে বড় পরিচিতি আসে দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’ দিয়ে। ২০২০ সালে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় এই ধারাবাহিকে যুক্ত হন তিনি। টানা পাঁচ বছর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা ও ভালোবাসা পান। ধারাবাহিকটি শেষ হওয়ার সময় তিনি দশম শ্রেণির ছাত্রী।
‘মাশরাফি জুনিয়র’ শেষ হওয়ার পর অবশ্য অভিনয় থেকে কিছুটা বিরতিতে ছিলেন নমনি। নতুন কোনো কাজে যুক্ত না হয়ে পড়াশোনায় মনোযোগ দেন। পাশাপাশি নিজেকে নতুনভাবে পর্দায় ফেরার জন্য প্রস্তুত করতে থাকেন। এবার সেই প্রস্তুতির ফল হিসেবে আসতে যাচ্ছে বড় পর্দায় তাঁর নতুন যাত্রা।
‘দানব’ সিনেমায় নমনির অভিনয়ের বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে রাজি হননি নির্মাতা অনন্য মামুন। তিনি জানিয়েছেন, শিগগিরই বড় আয়োজনের মাধ্যমে নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
তবে সম্প্রতি নির্মাতার ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শাকিব খানের সঙ্গে সাফানা নমনির ছোটবেলার একটি ছবি প্রকাশ করে অনন্য মামুন লিখেছেন, ‘দানব সিনেমার নায়িকা শাকিব খানের সঙ্গেও কাজ করেছে।’ ছবিটি ‘লাভ ২০১৪’ সিনেমার শুটিংয়ের সময়ের। নানা জটিলতায় সিনেমাটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি।
নমনির পরিবারও আপাতত ‘দানব’ সিনেমায় তাঁর অভিনয়ের বিষয়টি প্রকাশ্যে আনতে চাইছে না। তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে নমনির সঙ্গে নির্মাতার কথাবার্তা চূড়ান্ত হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে তাঁর। এরই মধ্যে চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন নমনি।
২০২৪ সালের শেষ দিকে ‘দানব’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন অনন্য মামুন। তখন সিনেমাটিতে শরিফুল রাজ অভিনয় করবেন বলে গুঞ্জন ছড়িয়েছিল। তবে এখনো সিনেমাটির অভিনয়শিল্পী নিয়ে নির্মাতার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
নির্মাতা সূত্রে জানা গেছে, চলতি বছরের শেষ দিকে ‘দানব’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এখন দেখার বিষয়, দীর্ঘদিনের শিশুশিল্পীর পরিচিতি পেরিয়ে সাফানা নমনির নায়িকা হিসেবে বড় পর্দার যাত্রা দর্শকদের কতটা সাড়া ফেলে।