রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নব্বইয়ের দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘চিরকুট’। নির্মাতা মুনতাসির আকিবের প্রথম ফিচার ফিল্মটি আসন্ন দুর্গাপূজায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ক্যাম্পাসজীবনের তারুণ্য, বন্ধুত্ব, প্রেম ও নস্টালজিয়াকে কেন্দ্র করে সিনেমাটির গল্প সাজানো হয়েছে। নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবহকে পর্দায় তুলে ধরার পাশাপাশি সেই সময়ের আবেগ ও সম্পর্কের সঙ্গে বর্তমান প্রজন্মের দর্শকদের সংযোগ ঘটানোর চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
মুনতাসির আকিব বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নব্বইয়ের দশকে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকেই ‘চিরকুট’-এর গল্পের সূত্রপাত। ওই সময়ের আবেগ, সম্পর্ক ও স্মৃতিকে বর্তমান দর্শকদের সামনে তুলে ধরাই ছিল সিনেমাটি নির্মাণের অন্যতম উদ্দেশ্য।
তবে পুরোনো সময়ের ক্যাম্পাসের পরিবেশ, পোশাক ও জীবনযাপনের নানা অনুষঙ্গ পুনর্নির্মাণে চ্যালেঞ্জ ছিল বলেও জানান তিনি। দর্শক যেন সিনেমা দেখতে গিয়ে সেই সময়ের দিনগুলো অনুভব করতে পারেন, সে চেষ্টাই করা হয়েছে বলে উল্লেখ করেন নির্মাতা।
‘চিরকুট’-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, শাওন আশরাফ, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, মাহিরা হাসান ও ইব্রাহিম সুজনসহ আরও অনেকে।
সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনাও করেছেন মুনতাসির আকিব। সিনেমাটির চারটি গানে কণ্ঠ দিয়েছেন রেহান রাসুল, মাশা, মেহেদী সরকার ও স্নেহাশিস চক্রবর্তী অভি।