দীর্ঘদিন ধরে অভিনয় ও জনসম্মুখ থেকে অনেকটাই দূরে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। এর মধ্যেই নতুন করে তার দেশত্যাগ নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে গোপনে দেশ ছেড়েছেন এই অভিনেতা। তবে এ তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ১৬ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রিয়াজ দেশ ছেড়েছেন বলে চলচ্চিত্রপাড়ায় আলোচনা রয়েছে। তবে বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, এ ধরনের কোনো তথ্য তাদের নজরে আসেনি। এমনকি তিনি স্থলবন্দর দিয়েও দেশ ছেড়ে থাকতে পারেন বলে সূত্রটি মন্তব্য করেছে।
রিয়াজের দেশত্যাগের বিষয়ে এখন পর্যন্ত তার নিজের কিংবা পরিবারের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারাও তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০২৪ সালের ৬ আগস্ট রাতে যুক্তরাষ্ট্র যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গিয়েছিলেন রিয়াজ। এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তার। তবে সে সময় তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর থেকেই তার অবস্থান নিয়ে নানা আলোচনা চলে আসছে।
দীর্ঘদিন ধরে এফডিসি কিংবা বিভিন্ন প্রকাশ্য অনুষ্ঠানে দেখা যাচ্ছে না রিয়াজকে। তার ব্যক্তিগত মোবাইল নম্বরও বন্ধ বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ফলে তার বর্তমান অবস্থান নিয়ে নতুন করে তৈরি হয়েছে কৌতূহল।
চলতি মাসের ৩ সেপ্টেম্বরও আলোচনায় আসেন এই অভিনেতা। সেদিন খবর প্রকাশ হয়, জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট দুটি হত্যা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে সশরীরে হাজির হয়েছিলেন তিনি। তবে শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করেননি।
রিয়াজকে ঘিরে এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়েছে। এমনকি তার মৃত্যুর খবরও ছড়িয়ে পড়েছিল। পরে তার স্ত্রী সেটিকে ভিত্তিহীন বলে জানান এবং রিয়াজ ভালো আছেন বলে নিশ্চিত করেছিলেন।
সব মিলিয়ে, নতুন করে রিয়াজের দেশত্যাগের যে খবর সামনে এসেছে, তা এখনো নিশ্চিত নয়। ফলে তিনি বর্তমানে বাংলাদেশে নাকি দেশের বাইরে—এ বিষয়ে আপাতত স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
একসময় বিমানবাহিনীতে প্রশিক্ষিত পাইলট হিসেবে কর্মজীবন শুরু করা রিয়াজ নব্বইয়ের দশকের মাঝামাঝি ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘হৃদয়ের আয়না’, ‘প্রেমের তাজমহল’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘হাজার বছর ধরে’, ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’ ও ‘মোল্লাবাড়ির বউ’সহ বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি।
অভিনয়ের পাশাপাশি হুমায়ূন আহমেদের বেশ কিছু নাটকেও কাজ করেছেন রিয়াজ। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’, যা ২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।