ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনয়ের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রচারণায়ও যুক্ত রয়েছেন। এবার দেশীয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যারের সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হয়েছেন তিনি।
রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন করা হয়। অনুষ্ঠানে নুসরাত ফারিয়া উপস্থিত থাকার পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেওয়ার জন্য চুক্তি স্বাক্ষর করেন।
১৪ সেপ্টেম্বরের ওই আয়োজনে চারটি শ্রেণিতে মোট ৫৬টি নতুন পণ্য উন্মোচন করে স্টেপ ফুটওয়্যার। নতুন পণ্যগুলোর মধ্যে রয়েছে এয়ারওয়াক, লাফিয়ে স্লাইড, স্পিডি স্লাইড ও কালার স্লাইড। প্রতিষ্ঠানটির দাবি, আধুনিক নকশা, প্রযুক্তি ও মানসম্মত উপকরণের সমন্বয়ে এসব পণ্য তৈরি করা হয়েছে।
স্টেপ ফুটওয়্যারের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, জনপ্রিয় একটি দেশীয় ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। পণ্যের মান, নকশা ও ক্রেতাদের আস্থাকে তিনি গুরুত্ব দেন বলেও জানান।
অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের চেয়ারম্যান আবদুস সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির, ব্র্যান্ড প্রচারের মুখ অভিনেতা তৌসিফ মাহবুবসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন পণ্য সম্পর্কে শামীম কবির জানান, ক্রেতাদের চাহিদা ও পরিবর্তনশীল ফ্যাশন প্রবণতাকে গুরুত্ব দিয়েই পণ্য তৈরি করছে প্রতিষ্ঠানটি। দেশীয় ব্র্যান্ড হিসেবে গ্রাহকদের আস্থা আরও শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে পরিচিতি বাড়ানোর লক্ষ্য রয়েছে তাদের।