বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলেখেলা’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, শিক্ষাব্যবস্থার নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে এর নেতিবাচক প্রভাব শিক্ষার্থী ও পুরো জাতির ওপর পড়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, একটি জাতির অগ্রগতির জন্য শিক্ষা ও শিক্ষাব্যবস্থার গুরুত্ব অপরিসীম। শিক্ষাকে যথাযথ গুরুত্ব না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়। তাঁর অভিযোগ, অতীতে শিক্ষাব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও অব্যবস্থাপনা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার জন্য বিভিন্ন পর্যায় থেকে চাপ দেওয়ার ঘটনাও ঘটেছে। এর ফলে শিক্ষার প্রকৃত মান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
প্রযুক্তিগত দিক থেকে বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করার ওপর গুরুত্ব দেন রিজভী। তিনি বলেন, শিক্ষার্থীদের যথাযথ প্রণোদনা ও সুযোগ নিশ্চিত না করলে কোনো জাতির কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়।
বিএনপি ক্ষমতায় থাকাকালে শিক্ষার উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, নারীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে অবৈতনিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছিল বিএনপি।
অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলার এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১১৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও ৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি নিপুণ রায় চৌধুরী।