
এশিয়ান গেমসে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চীনের বিপক্ষে নির্ধারিত একটি প্রস্তুতি ম্যাচ খেলতে শনিবার সকালে স্টেডিয়ামে পৌঁছালেও শেষ পর্যন্ত মাঠে নামতে পারেনি বাংলাদেশ। প্রতিপক্ষ দল ভেন্যুতে না আসায় ম্যাচটি বাতিল করা হয়।
স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। সে অনুযায়ী বাংলাদেশ দল নির্ধারিত সময়ের বেশ আগেই, সকাল সাড়ে ৭টার দিকে স্টেডিয়ামে পৌঁছে যায়। তবে সেখানে গিয়ে কিউরেটরের কাছ থেকে তারা জানতে পারে, ম্যাচটি আর অনুষ্ঠিত হচ্ছে না।
পরে নিশ্চিত হওয়া যায়, চীন দল স্টেডিয়ামে আসেনি। ফলে আয়োজকদের ম্যাচটি বাতিল করতে হয়। আকস্মিকভাবে ম্যাচ বাতিল হওয়ায় বাংলাদেশ দল অবশ্য মাঠ ছাড়েনি। বরং সেখানে সেমিফাইনালের প্রস্তুতি হিসেবে অনুশীলন করে তারা।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ জানান, ম্যাচের সূচি অনুযায়ী তারা সকাল সাড়ে ৭টার মধ্যেই ভেন্যুতে পৌঁছেছিলেন। সেখানে যাওয়ার পর কিউরেটরের কাছ থেকে খেলা না হওয়ার বিষয়টি জানতে পারেন।
তিনি বলেন, ‘মাঠে আসার পর কিউরেটরের কাছ থেকে জানতে পারি খেলা হবে না। কিছুক্ষণ পর জানতে পারি, চীন দল মাঠে আসছে না।’
চীনের এমন অনুপস্থিতির বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন এশিয়াডে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ। তার ভাষ্য অনুযায়ী, অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) বিশেষ অনুরোধের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করেই প্রস্তুতি ম্যাচটি আয়োজনের বিষয়ে সম্মতি দেওয়া হয়েছিল।
সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরও চীন দল কেন ম্যাচে অংশ নিতে আসেনি, সেটি খতিয়ে দেখতে বিষয়টি ওসিএকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে এশিয়ান গেমসের আনুষ্ঠানিক প্রতিযোগিতা শুরু হলেও বাংলাদেশের নারী ক্রিকেট দলের মূল লড়াই শুরু হচ্ছে সেমিফাইনাল দিয়ে। আগামীকাল শক্তিশালী ভারতের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ।
এর আগে কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে বাংলাদেশের খেলার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। পরে আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধায় সরাসরি সেমিফাইনালের টিকিট পায় বাংলাদেশ।
ফলে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রস্তুতির সুযোগ হিসেবে চীনের বিপক্ষে ম্যাচটি আয়োজন করা হলেও শেষ পর্যন্ত প্রতিপক্ষের অনুপস্থিতিতে সেটিও আর খেলা হলো না বাংলাদেশের।