বেটিং তদন্তে ফোন জব্দ, আইসিসির দ্বারস্থ রিজওয়ান

ক্রীড়া ডেস্ক

খেলা

পাকিস্তানের ক্রিকেটে মোহাম্মদ রিজওয়ানকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে তাঁর মুঠোফোন জব্দ

2026-09-18T17:29:42+00:00
2026-09-18T17:29:42+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
খেলা
পাকিস্তান ক্রিকেটে হচ্ছেটা কী?
বেটিং তদন্তে ফোন জব্দ, আইসিসির দ্বারস্থ রিজওয়ান
ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম 
মোহাম্মদ রিজওয়ান। সংগৃহীত ছবি
পাকিস্তানের ক্রিকেটে মোহাম্মদ রিজওয়ানকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে তাঁর মুঠোফোন জব্দ করার পর এবার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যান্টি-করাপশন ইউনিটের দ্বারস্থ হয়েছেন এই পাকিস্তানি ক্রিকেটার।

ইংল্যান্ড সফরের সময় পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) রিজওয়ানের ফোন জব্দ করে। পরে সেটি পাকিস্তানে নিয়ে ফরেনসিক পরীক্ষা করা হয়। ফোন জব্দ ও তদন্তসংক্রান্ত নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে আবেদন করেছিলেন রিজওয়ান। তবে বৃহস্পতিবার তাঁর আবেদন খারিজ হয়ে যায়।

কেন জব্দ করা হয়েছিল ফোন?

পাকিস্তানের ইংল্যান্ড সফরের সময় দলের ড্রেসিংরুমের কিছু তথ্য বাইরে চলে যাওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করতে মাঠে নামে এনসিসিআইএ। তদন্তের অংশ হিসেবে রিজওয়ান ও টেস্ট ওপেনার ইমাম-উল-হককে জিজ্ঞাসাবাদ করা হয়।

চলতি মাসের শুরুতে লাহোরে এনসিসিআইএর কার্যালয়ে হাজির হন দুজন। সেখানে প্রায় দুই ঘণ্টা ধরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

তদন্তকারীরা ইংল্যান্ডে অনুশীলন ও ম্যাচ চলাকালে তাঁদের যোগাযোগ, কার সঙ্গে দেখা করেছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে বিভিন্ন তথ্য জানতে চান।

তদন্তে বেটিং-জুয়ার প্রসঙ্গও

তদন্তটি শুধু ড্রেসিংরুমের তথ্য ফাঁসের মধ্যেই সীমাবদ্ধ নয়। অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত বিষয়ও এনসিসিআইএর তদন্তের আওতায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রিজওয়ানের দাবি, তাঁকে যে নোটিশ দেওয়া হয়েছিল, সেখানে অনলাইন বেটিং ও জুয়া নিয়ে তদন্তের কথা বলা হলেও তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ উল্লেখ করা হয়নি। তদন্তকারী সংস্থার কাছে অভিযোগের বিস্তারিত জানতে চেয়েও সন্তোষজনক উত্তর পাননি বলে দাবি তাঁর।

এরপরই আদালতের শরণাপন্ন হন রিজওয়ান।

আদালতে আবেদন খারিজ

লাহোর হাইকোর্টে শুনানির সময় রিজওয়ানের আইনজীবী তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেন। তবে শুনানি শেষে আদালত তাঁর আবেদন খারিজ করে দেন।

আদালতের এই সিদ্ধান্তের পরই বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার উদ্যোগ নেন রিজওয়ান।

আইসিসির কাছে কী জানতে চেয়েছেন রিজওয়ান?

রিজওয়ান আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটের কাছে জানতে চেয়েছেন, তাঁর ফোন জব্দ করা, ইংল্যান্ড থেকে পাকিস্তানে নিয়ে যাওয়া এবং ফরেনসিক পরীক্ষা করার বিষয়ে আইসিসি কিংবা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড অবগত ছিল কি না।

পুরো প্রক্রিয়াটি আইসিসির অ্যান্টি-করাপশন নীতিমালা অনুযায়ী হয়েছে কি না, সে বিষয়েও তিনি জানতে চেয়েছেন। পাশাপাশি সামনে তাঁর কী করণীয় হতে পারে, সে বিষয়ে আইসিসির দিকনির্দেশনাও চেয়েছেন বলে জিও নিউজ জানিয়েছে।

তবে রিজওয়ানের এই পদক্ষেপ কোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পিসিবির অবস্থান

রিজওয়ানের ফোন জব্দের আগে সেটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হেফাজতে ছিল। পরে তদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য ফোনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়। চলমান তদন্তের কারণে এ বিষয়ে পিসিবি বিস্তারিত কোনো মন্তব্য করেনি।

এরই মধ্যে পাকিস্তানের টেস্ট দলেও বড় পরিবর্তন এসেছে। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে হারের পর রিজওয়ান ও ইমাম-উল-হকসহ সাত ক্রিকেটারকে টেস্ট দল থেকে ছেড়ে দেওয়া হয়। একই সময়ে কোচিং স্টাফেও পরিবর্তন আনা হয়।

ফলে তদন্ত, ফোন জব্দ এবং টেস্ট দল থেকে বাদ পড়া—সব মিলিয়ে পাকিস্তানি ক্রিকেটে নতুন করে আলোচনার কেন্দ্রে এখন মোহাম্মদ রিজওয়ান।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: