ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ফিফা আসিয়ান কাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে নতুন করে জায়গা পেয়েছেন তিন প্রবাসী ফুটবলার—ফারহান আলী ওয়াহিদ, জিদান আলেকজান্ডার ইউসুফ ও শুকি ইতফুসা।
নতুনদের মধ্যে আক্রমণভাগের খেলোয়াড় ফারহান আলী ওয়াহিদকে ঘিরে বিশেষ আগ্রহ রয়েছে। জাতীয় দলে স্বীকৃত সেন্টার ফরোয়ার্ডের ঘাটতি পূরণে তাকে নতুন বিকল্প হিসেবে বিবেচনা করছেন কোচ টমাস ডুলি। চলমান ক্যাম্পে এখনো যোগ দেননি ফারহান; সরাসরি ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
রক্ষণভাগের জিদান আলেকজান্ডার ইউসুফ এর আগে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নজর কেড়েছেন। এবার জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়ে সিনিয়র পর্যায়ে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি।
অন্যদিকে জাপানপ্রবাসী শুকি ইতফুসা জাতীয় দলের ক্যাম্পে অনুশীলন করে কোচিং স্টাফদের নজর কাড়েন। আক্রমণভাগে নতুন এই ফুটবলারও এবার চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন।
তিন নতুন প্রবাসীর পাশাপাশি দলে রয়েছেন জাতীয় দলের হয়ে আগে থেকেই খেলা হামজা চৌধুরী, শমিত সোম, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ ও ফাহামিদুল ইসলাম। তবে চূড়ান্ত দলে জায়গা হয়নি সাইফ, ফাহিম ও জিকোর।
ফিফা আসিয়ান কাপ ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। অভিজ্ঞ ও নতুন প্রবাসী ফুটবলারদের সমন্বয়ে কোচ টমাস ডুলি কীভাবে দল সাজান, এখন সেটিই দেখার বিষয়।
বাংলাদেশের ২৩ সদস্যের দল
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মন, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, রহমত মিয়া, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, জিদান আলেকজান্ডার ইউসুফ, এস এম মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, হৃদয়, শেখ মোরসালিন, রাকিব হোসেন, মিনহাজুল করিম স্বাধীন, ফাহামিদুল ইসলাম, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, ফারহান আলী ওয়াহিদ ও শুকি ইতফুসা।