ঘুষ-হয়রানি বন্ধ করুন: সরকারের প্রতি হাসনাত

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও ঘুষের অভিযোগ বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

2026-09-17T18:34:41+00:00
2026-09-17T18:34:41+00:00
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
ঘুষ-হয়রানি বন্ধ করুন: সরকারের প্রতি হাসনাত
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও ঘুষের অভিযোগ বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। প্রবাসী শ্রমিকদের হয়রানি বন্ধে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নিবন্ধনব্যবস্থার সংস্কারেরও দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন কুমিল্লা-৪ আসনের এই সংসদ সদস্য।

হাসনাতের দাবি, গত এক সপ্তাহ ধরে বিএমইটি কার্ড বা ক্লিয়ারেন্স কার্ড পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ কারণে আন্দোলনের ঘোষণাও এসেছে। তবে তাঁর অভিযোগ, আনুষ্ঠানিকভাবে কার্ড দেওয়া বন্ধ থাকলেও বেশি টাকা নিয়ে ‘ব্যাক-চ্যানেলে’ কার্ড দেওয়ার ঘটনা ঘটছে।

তিনি বলেন, প্রবাসী শ্রমিকদের জন্য মূল প্রয়োজন একটি নির্ভরযোগ্য নিবন্ধনভিত্তিক ডেটাবেজ। প্লাস্টিক কার্ডের পরিবর্তে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্য সমন্বয় করে এমন একটি ডেটাবেজ তৈরি করা উচিত, যেখানে শ্রমিক কোন দেশে ও কোন নিয়োগকর্তার অধীনে আছেন, সেই তথ্য থাকবে।

হাসনাতের মতে, এ ধরনের তথ্যভান্ডার থাকলে প্রবাসী শ্রমিক অসুস্থ, কর্মহীন বা দুর্ঘটনার শিকার হলে দ্রুত সহায়তা দেওয়া সম্ভব হবে। একইভাবে মৃত্যু, লাশ ফেরত, যুদ্ধ বা আঞ্চলিক সংঘাতের সময় শ্রমিকদের সরিয়ে নেওয়া এবং মজুরি না পাওয়ার মতো পরিস্থিতিতেও দূতাবাসের মাধ্যমে সহায়তা করা সহজ হবে।

বিএমইটির বর্তমান ব্যবস্থার পরিবর্তনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, শ্রমিকদের নিবন্ধন প্লাস্টিক কার্ডনির্ভর না করে ডেটাবেজভিত্তিক করা উচিত। এ জন্য পাসপোর্ট ও এনআইডির তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই, শিক্ষা ও দক্ষতার সনদ অনলাইনে যাচাই, ভিসা ও দূতাবাসের অনুমোদন এবং অনুমোদিত চিকিৎসাকেন্দ্রের স্বাস্থ্য পরীক্ষার তথ্য রিয়েল-টাইমে যাচাইয়ের ব্যবস্থা করার কথা বলেন তিনি।

হাসনাত আরও অভিযোগ করেন, হার্ডকপি নথি যাচাই ও বিভিন্ন সফটওয়্যারনির্ভর প্রক্রিয়ার কারণে প্রবাসীদের হয়রানির সুযোগ তৈরি হচ্ছে। তাঁর ভাষ্য, ডিজিটাল ও আন্তসংযুক্ত তথ্যব্যবস্থা চালু করা গেলে যাচাই প্রক্রিয়া আরও স্বচ্ছ করা সম্ভব।

ভারত ও নেপালের প্রবাসী শ্রমিক ব্যবস্থাপনার উদাহরণ টেনে তিনি বাংলাদেশের সেবাব্যবস্থা আরও অনলাইন ও নীতিনির্ভর করার পরামর্শ দেন। বিশেষ করে ভিসা, পাসপোর্ট, মেডিকেল ও দক্ষতার সনদ যাচাইয়ে বিদ্যমান সরকারি তথ্যভান্ডারগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি।

পোস্টের শেষ দিকে হাসনাত প্রবাসীদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে বিএমইটির নিবন্ধনব্যবস্থা আমূল সংস্কার এবং বিএমইটি কার্ডের জটিলতা থেকে প্রবাসীদের মুক্ত করার আহ্বান জানান।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: