বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। আগামী ১৯ সেপ্টেম্বরের ‘ঢাকা টু রংপুর লংমার্চ’ কর্মসূচি সামনে রেখে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে বিএনপি সরকার দেশের মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার হরণ করছে। সাধারণ মানুষের অধিকার হরণ অব্যাহত থাকলে এর পরিণতি ভালো হবে না বলেও সরকারকে সতর্ক করেন তিনি।
জাতীয় সংসদের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, সংসদে আলোচনার মাধ্যমে বিদ্যমান সংকটের সমাধান হচ্ছে না। বিরোধী দল বারবার বিষয়টি তুলে ধরলেও কার্যকর কোনো সমাধান না আসায় রাজপথে কর্মসূচি দেওয়া ছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই।
তিনি বলেন, জনগণের যৌক্তিক দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি আদায় করেই বিরোধী দল ঘরে ফিরবে।
আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচিকে শান্তিপূর্ণ উল্লেখ করে এতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান গোলাম পরওয়ার।