নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিতে মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে তার রওনা হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
এর আগে দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা ও পুনর্বাসন শেষে গত ২ সেপ্টেম্বর রাতে দেশে ফেরেন মির্জা আব্বাস।
গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের বাসায় ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান তিনি। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরবর্তী সময়ে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হয় তাকে।
চিকিৎসাজনিত কারণে দীর্ঘ সময় রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন মির্জা আব্বাস। দেশে ফেরার পর তিনি আবারও রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পান।
মির্জা আব্বাস ঢাকা-৮ আসনের সংসদ সদস্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পরবর্তী চিকিৎসা কার্যক্রম নির্ধারিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।