পবিত্র মক্কা নগরীর দক্ষিণে ড্রোন হামলার অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মক্কার মতো পবিত্র স্থানে যেকোনো ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, পবিত্র মক্কা নগরী কাবা শরিফের কারণে সম্মানিত ও মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র স্থান। সেখানে কোনো ধরনের হামলা হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব।
তিনি আরও বলেন, হামলার সঙ্গে হুথি বিদ্রোহীরা জড়িত থাকুক কিংবা অন্য কেউ—মক্কার মতো পবিত্র স্থানে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে একটি ড্রোন শনাক্ত করে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকির ভাষ্য অনুযায়ী, ড্রোনটি পবিত্র নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিহত ও ধ্বংস করা হয়।
সৌদি কর্তৃপক্ষের দাবি, ড্রোনটি হুথিদের পক্ষ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং এটি মক্কাকে লক্ষ্য করে চালানো দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে ২০১৭ সালে মক্কার দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনাকেও হামলার চেষ্টা হিসেবে উল্লেখ করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
তবে মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, পবিত্র নগরী বা ইসলামি ধর্মীয় স্থানগুলোকে লক্ষ্য করে কোনো হামলার সঙ্গে তারা জড়িত নয়।
এদিকে ঘটনার পর মক্কাসহ সৌদি আরবের কয়েকটি এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয় বলে আন্তর্জাতিক প্রতিবেদনে জানানো হয়েছে।