১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে রাজধানীতে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর শ্যামলী স্কয়ারে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম অংশ নেবেন।
ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
দলীয় সূত্র জানায়, ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। এর অংশ হিসেবেই শ্যামলী স্কয়ারে বুধবারের কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এর আগে গত ৫ সেপ্টেম্বর ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
এবারের ঢাকা-রংপুর লংমার্চ ঘিরেও দলীয়ভাবে প্রচার ও জনসম্পৃক্ততা বাড়ানোর কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।