জনগণের সমস্যার সমাধান করাই রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।
তিনি বলেন, নাগরিক সুবিধা পাওয়ার আশায় মানুষ নিয়মিত ট্যাক্স দিলেও প্রত্যাশিত সেবা পাচ্ছে না। গ্যাসের বিল পরিশোধ করেও অনেক সময় গ্যাস পাওয়া যায় না। মাস শেষে বিভিন্ন বিলের চাপ নগরজীবনকে দুর্বিষহ করে তুলছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সভায় এসব কথা বলেন শেখ ফজলুল করীম মারুফ।
তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ, ডায়রিয়া, জলাবদ্ধতা, যানজট, ছিনতাই ও রাহাজানির কারণে নগরজীবন নানা সংকটে পড়েছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করা প্রয়োজন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্ব পালনে নাগরিকদের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন থাকা জরুরি। জনগণকে স্বাভাবিক ও স্বস্তিদায়ক জীবনযাপনের সুযোগ করে দিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
শেখ ফজলুল করীম মারুফ আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনগণ বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নগর ব্যবস্থাপনায় কার্যকর দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে মাঠে কাজ করছে। জনগণ তাদের ওপর আস্থা রাখলে ঢাকা মহানগরকে একটি স্মার্ট নগরীতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।
সভায় নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহসহ সংগঠনের মহানগর ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।