ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল দেশেই আছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
জুলাই ২০২৪-এর আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মাকসুদ কামালসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের একদিন পর বৃহস্পতিবার এ তথ্য জানান তিনি।
নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, মাকসুদ কামালের দেশত্যাগের সুযোগ নেই এবং তিনি নজরদারিতে রয়েছেন।
এর আগে বুধবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে মাকসুদ কামালসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী এম এইচ তামীম অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করলেও তখন আসামিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং সাবেক এক বিচারপতির নামও থাকতে পারে।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। ওই ঘটনায় আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া এবং হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।