রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলের ঘটনায় এবার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে। এর আগে একই ঘটনায় গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা পৃথক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশ অনুযায়ী, এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাকে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।
এর আগে গুলশান মডেল থানার ওসি মো. দাউদ হোসেনকেও প্রশাসনিক কারণে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানাধীন ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে এবং পাঁচটি ককটেল উদ্ধার করে। পরে এ ঘটনায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত অন্তত ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মিছিলের ঘটনার পরদিনগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়। মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গুলশানে ওই মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে পুলিশ হয়তো ধারণা করতে পারেনি যে জুমার নামাজকে কেন্দ্র করে ওই এলাকায় এ ধরনের ঘটনা ঘটতে পারে।
তিনি জানান, বেলা ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে কয়েকজন সেখানে জড়ো হয়েছিলেন। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মিছিলের ঘটনার পাঁচ দিনের মাথায় গুলশান থানার ওসি এবং এরপর একই দিনে গুলশান বিভাগের ডিসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হলো।