ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও নাগরিক সেবা কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম। কোনো প্রটোকল ছাড়াই ঝটিকা পরিদর্শনে গিয়ে আঞ্চলিক কার্যালয়-৫-এ প্রায় ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে অনুপস্থিত পান তিনি। পরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রশাসক।
মঙ্গলবার সকালে মাত্র ব্যক্তিগত গাড়ির চালককে সঙ্গে নিয়ে পরিদর্শনে বের হন আব্দুস সালাম। সকাল ৮টা ৫০ মিনিটে তিনি ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়-৫-এ পৌঁছে বাইরে অবস্থান করে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে আসার বিষয়টি পর্যবেক্ষণ করেন।
পরে সকাল ৯টা ২ মিনিটে কার্যালয়ে প্রবেশ করে মূল ফটক বন্ধ রাখার নির্দেশ দেন তিনি। এরপর বিভিন্ন কক্ষ ঘুরে দেখার পাশাপাশি হাজিরা খাতা যাচাই করেন। এ সময় প্রায় এক-চতুর্থাংশ কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পাওয়া যায়।
কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় অসন্তোষ প্রকাশ করে প্রশাসক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলীকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে চাকরির বিধি অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এরপর ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডের শাহজাহানপুর এলাকায় যান প্রশাসক। সেখানে পরিচ্ছন্নতাকর্মীদের উপস্থিতি ও হাজিরা খাতা তদারকি করেন। কয়েকজন কর্মীর অনুপস্থিতি দেখতে পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মাহবুবুর রহমান তালুকদারকে নির্দেশ দেন।
শুধু কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি তদারকিতেই থামেননি প্রশাসক। পরে মতিঝিল পীর জঙ্গির মাজার এলাকা থেকে মতিঝিল আইডিয়াল স্কুল, ফকিরাপুল, আরামবাগ ও দৈনিক বাংলা হয়ে বঙ্গভবন পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে সরাসরি উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন তিনি।
অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে পথচারীদের চলাচলের পথ উন্মুক্ত করা হয়।
অভিযান ও ঝটিকা পরিদর্শন প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেন, নাগরিক সেবা প্রদানে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা বরদাশত করা হবে না। সিটি করপোরেশনের কর্মচারী হোক কিংবা বাইরের কোনো পক্ষ—জনভোগান্তি সৃষ্টি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি নাগরিক সেবায় শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের কঠোর পরিদর্শন ও অভিযান অব্যাহত থাকবে।