
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান সভা শুরুর তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে দেশের রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা করতে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। ৫২ কিলোমিটার এই রুটে বৈদ্যুতিক ট্র্যাকশন ব্যবস্থা চালুর প্রস্তাব রয়েছে।
একই সঙ্গে রাজধানীর গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত এমআরটি লাইন-৫-এর দক্ষিণ রুট বাস্তবায়নের প্রস্তাবও বৈঠকে উঠছে। প্রকল্পটির প্রস্তাবিত ব্যয় ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা।
সব মিলিয়ে একনেকের আজকের সভায় নতুন ও সংশোধিত ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা।
এর মধ্যে ১২টি নতুন এবং চারটি সংশোধিত প্রকল্প রয়েছে। বৈদ্যুতিক রেল ও মেট্রোরেল ছাড়াও বিভিন্ন খাতের উন্নয়ন প্রকল্প রয়েছে অনুমোদনের তালিকায়।