স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে আলোচনা শেষে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হতে পারে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।
ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে ২৬টি মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হচ্ছে।
কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের কথা রয়েছে। বৈঠকের আলোচনার ভিত্তিতে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে।
এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।