নাট্যাঙ্গনের তরুণ নাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় মারা গেছেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও তারকারা সজীবকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন।
চিত্রনায়িকা সুনেরাহ বিনতে কামাল সজীবের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের স্মৃতি তুলে ধরে লিখেছেন, সেদিনই তাদের দেখা হয়েছিল। অভিনয়ের প্রশংসা করে সজীব বলেছিলেন, তারা একসঙ্গে সুন্দর গল্প নিয়ে কাজ করবেন। সেই কথার রেশ কাটতে না কাটতেই তার চলে যাওয়াকে জীবনের অনিশ্চয়তা হিসেবে উল্লেখ করে সজীবের আত্মার শান্তি কামনা করেন সুনেরাহ।
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও সজীবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি প্রিয় নির্মাতার জন্য মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
অভিনেত্রী সাফা কবির দীর্ঘ এক আবেগঘন বার্তায় সজীবের সঙ্গে কাজের স্মৃতি তুলে ধরেছেন। তিনি জানান, সজীব একসময় তার কাছে ছয়টি চিত্রনাট্য নিয়ে এসেছিলেন এবং একসঙ্গে সেগুলো নিয়ে কাজ করার পরিকল্পনা করেছিলেন। সজীবের লেখার প্রতি মুগ্ধতার কথাও স্মরণ করেন তিনি।
সাফা কবির লিখেছেন, সজীবের সেই হাসিমাখা মুখ আর কখনো দেখা যাবে না—এটি মেনে নেওয়া কঠিন। তার ভাষায়, সজীব তার কাজ ও স্মৃতির মধ্য দিয়ে দীর্ঘদিন সবার মাঝে বেঁচে থাকবেন।
সজীবের মৃত্যুতে স্তব্ধ অভিনেতা তৌসিফ মাহবুব। আকস্মিক মৃত্যুর খবর পেয়ে কিছু সময় তিনি কীভাবে বিষয়টি গ্রহণ করবেন, সেটিই বুঝতে পারেননি বলে জানান। তৌসিফ বলেন, কিছুদিন আগেও সজীবের সঙ্গে ভবিষ্যৎ কাজ ও দেখা হওয়ার পরিকল্পনা নিয়ে কথা হয়েছিল। অথচ হঠাৎ করেই সব শেষ হয়ে গেল। জীবন যে কতটা অনিশ্চিত, সজীবের মৃত্যু তাকে আবারও সেই বাস্তবতা মনে করিয়ে দিয়েছে।
অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও সজীবের সঙ্গে নিজের স্মৃতি ও শেষ দিকের কথোপকথনের কথা তুলে ধরেছেন। তিনি জানান, মৃত্যুর আগে সজীব মেসেঞ্জারে তাকে বার্তা পাঠিয়েছিলেন। একসঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছিলেন নির্মাতা।
সজীবের মৃত্যুর খবরের পর সেই অপঠিত বার্তাগুলোই ভাবনাকে আরও বেশি কষ্ট দিচ্ছে। তিনি বলেন, জীবনের ব্যস্ততায় আমরা অনেক সময় প্রিয় মানুষগুলোর খোঁজ নিতে ভুলে যাই। অথচ কখন যে কার জীবনের শেষ দিন, তা কেউ জানে না।
অন্যদিকে অভিনেত্রী তানজিন তিশা সজীবের সঙ্গে শেষ কথোপকথনের স্মৃতি তুলে ধরে আবেগাপ্লুত হয়েছেন। তিশা জানান, সজীব ফোন করে বলেছিলেন, অনেকদিন দেখা নেই, অনেক গল্প জমে আছে এবং খুব শিগগিরই দেখা করে একসঙ্গে সুন্দর গল্প করার কথা। কিন্তু সেই গল্প আর বলা হলো না।
তানজিন তিশার ভাষায়, ‘গল্পগুলো না বলেই চলে গেলেন’—এই আক্ষেপই এখন সজীবকে হারানোর বেদনায় আরও ভারী হয়ে উঠেছে।
সজীবের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করে বিনোদন অঙ্গনের তারকারা তার আত্মার শান্তি কামনা করেছেন। একই সঙ্গে তার পরিবার ও স্বজনদের এই কঠিন সময় পার করার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছেন।