একটি গান দিয়েই শ্রোতাদের মনে জায়গা করে নেওয়া, এরপর ধারাবাহিকভাবে নিজের গায়কির স্বাতন্ত্র্য ধরে রাখা—সানিয়া সুলতানা লিজার সংগীতযাত্রাটা এমনই। ক্যারিয়ারের শুরুতে প্রকাশিত ‘ভুল করে যদি কখনো’ গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গানটি এখনো শ্রোতাদের কাছে লিজার পরিচয়ের অন্যতম অংশ।
তবে একটি গানের সাফল্যে থেমে থাকেননি এই শিল্পী। নিজের কণ্ঠ ও গায়কির বৈশিষ্ট্য ধরে রেখে একের পর এক মৌলিক গান প্রকাশের পাশাপাশি নিয়মিত স্টেজ শোতেও ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
বর্তমান প্রজন্মের নারী শিল্পীদের মধ্যে স্টেজ শো নিয়ে ব্যস্তদের একজন লিজা। দেশের বিভিন্ন প্রান্তের আয়োজনে নিয়মিত পারফর্ম করছেন তিনি। কোনো অনুষ্ঠানে গান করার পর একই আয়োজকদের কাছ থেকে আবারও ডাক পাওয়াকে নিজের গ্রহণযোগ্যতার বড় প্রমাণ হিসেবেই দেখেন এই শিল্পী।
লিজার কাছে গান শুধু পেশা নয়, বরং স্বস্তি ও ভালো লাগার জায়গা। স্টেজ শোয়ের পাশাপাশি টেলিভিশন, বেতার কিংবা ব্যক্তিগত আড্ডাতেও গানের সঙ্গে থাকতে পছন্দ করেন তিনি।
সম্প্রতি লিজার কণ্ঠে প্রকাশিত দুটি মৌলিক গানও শ্রোতাদের প্রশংসা পেয়েছে। জিসান খান শুভর লেখা ও সুরে ‘তুমি বিহন’ গানটি মেলোডিয়াস ও রোমান্টিক আবহে শ্রোতাদের মন ছুঁয়েছে। এর আগে অনিক সূত্রধরের সঙ্গে গাওয়া ‘তোমার রোদেলা আকাশে’ গানটিও ভালো সাড়া পেয়েছে। লালন লোহানীর কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ।
স্টেজ শো ও মৌলিক গান নিয়ে ব্যস্ত থাকলেও সিনেমার গানে লিজার উপস্থিতি তুলনামূলক কম। তবে এ নিয়ে কোনো আক্ষেপ নেই তার। বরং নিজের বর্তমান অবস্থান ও প্রাপ্তি নিয়েই সন্তুষ্ট এই শিল্পী।
লিজার ভাষায়, তার পরিচয়ের কেন্দ্রবিন্দুতেই রয়েছে গান। তাই গানকে ঘিরেই তার ভালো লাগা ও স্বাচ্ছন্দ্য।
তিনি বলেন, ‘আমার কিন্তু সবসময় গানের মাঝেই ডুবে থাকতে ভালো লাগে। সেটা হোক স্টেজ শো, টিভি শো কিংবা বেতার, হোক গল্প-আড্ডায় গানে গানে মেতে থাকা। আমার তো পরিচয় একজন শিল্পী। যে কারণে আমার ভালোলাগা, স্বাচ্ছন্দ্যতা গানকে ঘিরেই।’
পরপর দুটি মৌলিক গান প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ায় উচ্ছ্বসিত লিজা। বছরজুড়ে স্টেজ শোয়ের পাশাপাশি নিয়মিত মৌলিক গান প্রকাশের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
সিনেমায় গান কম করা প্রসঙ্গে লিজা বলেন, ‘যদিও সিনেমায় আমার গান খুব কম। কিন্তু এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। আমার যা কিছু আছে, তাই নিয়ে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আমি।’
একটি গান দিয়ে শুরু হওয়া সংগীতযাত্রা এখন নতুন নতুন গান ও নিয়মিত স্টেজ পারফরম্যান্সে আরও বিস্তৃত হচ্ছে। শ্রোতাদের সঙ্গে লিজার সম্পর্কও তৈরি হয়েছে গানকে ঘিরেই। তাই পরিচিতির পরিধি যতই বাড়ুক, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকছে সেই একটাই বিষয়—গান।