বিয়ে নিয়ে একসময় প্রশ্ন উঠলেই মজার ছলে এড়িয়ে যেতেন মিমি চক্রবর্তী। কখনো বলতেন, ‘কী জন্য বিয়ে করব?’ আবার কখনো সাফ জানিয়েছিলেন, বিয়ে নিয়ে তাঁর কোনো ভাবনাই নেই। এমনকি ২০২৩ সালেও বলেছিলেন, ‘আমি এখন কারও সঙ্গে প্রেমও করি না, ফলে বিয়ে কী করে করব?’ সেই মিমিকেই এবার ঘিরে শুরু হয়েছে বিয়ের জোর গুঞ্জন।
পশ্চিমবঙ্গের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের শেষ দিকে পাহাড়ের কোলে বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী। সম্ভাব্য বিয়ের স্থান হিসেবে উঠে এসেছে কালিম্পংয়ের নাম। এমনকি সম্ভাব্য পাত্র হিসেবে ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তার নামও আলোচনায় এসেছে।
তবে মিমি চক্রবর্তী কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো বিয়ের খবরটি নিশ্চিত করা হয়নি। পাত্রের পরিচয়, সম্পর্কের শুরু বা বিয়ের নির্দিষ্ট তারিখ—কোনোটিই আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসেনি।
২০১৮ সালে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মিমি। তখন ২৮ বছর বয়সী অভিনেত্রী বলেছিলেন, এত তাড়াতাড়ি কেন তাঁকে বিয়ে করতে হবে—এমন প্রশ্নই করেছিলেন তিনি।
রসিকতার ছলে মিমি আরও বলেছিলেন, তাঁর বিয়ে দেওয়ার এত ইচ্ছা হলে পাত্র-পাত্রীর বিজ্ঞাপন দেওয়া যেতে পারে। একই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘বিয়ে নিয়ে জাস্ট ভাবছি না।’
অর্থাৎ তখন সংসার পাতার চেয়ে নিজের কাজ ও জীবন নিয়েই বেশি মনোযোগী ছিলেন অভিনেত্রী।
বিয়ের প্রসঙ্গ ২০২৩ সালেও উঠেছিল। টিভি নাইন বাংলার এক ভিডিও প্রতিবেদনে মিমিকে প্রশ্ন করা হয়, পরের বছর তিনি বিয়ে করবেন কি না।
জবাবে অভিনেত্রী বলেছিলেন, তখন বিয়ে তাঁর কাছে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। পাশাপাশি জানিয়েছিলেন, তিনি কারও সঙ্গে প্রেমও করছেন না। তাই বিয়ে করবেন কীভাবে—এমন প্রশ্নও তুলেছিলেন মিমি।
মিমির প্রেমজীবনের প্রসঙ্গ উঠলে পরিচালক রাজ চক্রবর্তীর নামও আলোচনায় আসে। তাঁদের সম্পর্ক কখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসেনি। তবে একসময় টালিউডে তাঁদের ঘনিষ্ঠতা ও প্রেমের গুঞ্জন ছিল বেশ জোরালো।
পরে তাঁদের বিচ্ছেদের খবরও সংবাদমাধ্যমে আসে। সম্পর্ক নিয়ে নানা আলোচনা থাকলেও মিমি বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে অনেকটা আড়ালেই রেখেছেন।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন মিমি। দীর্ঘ ক্যারিয়ারে নিজের কাজ ও ব্যক্তিগত স্বাধীনতাকে গুরুত্ব দেওয়ার কথা বিভিন্ন সময় তাঁর বক্তব্যে উঠে এসেছে।
তাই হঠাৎ করে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ায় কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। সত্যিই কি বদলে গেছে সেই মিমির ভাবনা—যিনি একসময় বলেছিলেন, ‘কী জন্য বিয়ে করব?’
১২ সেপ্টেম্বর প্রকাশিত একাধিক প্রতিবেদনে চলতি বছরের শেষ দিকে কালিম্পংয়ে মিমির বিয়ের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে এসব খবর এখনো অভিনেত্রীর পক্ষ থেকে নিশ্চিত নয়। ফলে মিমির বিয়ের গুঞ্জন আপাতত গুঞ্জনই থাকছে; সত্যতা জানতে অপেক্ষা করতে হবে তাঁর আনুষ্ঠানিক ঘোষণার।