এক মামলায় জামিন, মুক্তির আগেই আরেক মামলা—এভাবেই একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে বলে অভিযোগ মডেল সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসের। রোববার আদালতে নেওয়ার পথে অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর শুনানিতে দাঁড়িয়ে বিচারকের উদ্দেশে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন।’
জুলাই আন্দোলনের সময় আশুলিয়া থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর শুনানিতে এ বক্তব্য দেন মিষ্টি সুবাস। এর আগে আদালতে নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়ায় কিছুক্ষণ তাকে হাজতখানায় রাখা হয়। পরে সুস্থ বোধ করলে তাকে আবার আদালতে নেওয়া হয়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলার অনুমতি নিয়ে মিষ্টি সুবাস বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছি। এটা তো কোনো অপরাধ হতে পারে না। আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘জামিন পেলেই আমাকে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। আমি তো কোনো অন্যায় করিনি।’
শুনানি শেষে আদালত তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্র জানায়, দুপুর ১২টার দিকে হাজতখানা থেকে মিষ্টি সুবাসকে কাঠগড়ায় নেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়ে যান। পরে দায়িত্বরত নারী পুলিশ সদস্যরা তাকে তুলে হাজতখানায় ফিরিয়ে নেন। কিছুক্ষণ বিশ্রামের পর সুস্থ বোধ করলে তাকে পুনরায় আদালতে হাজির করা হয়।
তার আইনজীবী গোলাম রাব্বানী আদালতে তাকে গ্রেপ্তার না দেখানোর আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত আবেদনটি নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২৬ মার্চ সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার হন মিষ্টি সুবাস। এরপর তাকে একে একে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় জামিন পাওয়ার পর তিনি কারামুক্তির অপেক্ষায় ছিলেন বলে জানান তার আইনজীবী।
এর মধ্যে গত ৯ সেপ্টেম্বর জুলাই আন্দোলনের সময় আশুলিয়া থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই আতোয়ার রহমান। আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার আশুলিয়া থানার বাইপাইল মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিল কিশোর আবির। এ সময় হামলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় সে।
এ ঘটনায় ২০২৪ সালের ৩১ অক্টোবর আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়। সেই মামলাতেই মিষ্টি সুবাসকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।