বিয়ে নিয়ে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর জীবনে কী ঘটছে—এ নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের। মুখে কিছু না বললেও এবার নিজের একটি পোস্টে যেন রহস্যের নতুন দরজা খুলে দিলেন অভিনেত্রী। একাধিক সেলফি শেয়ার করে মিমি জানালেন, কোন ছবি তার পছন্দ আর কোনগুলো পছন্দ ‘ওনার’!
সামাজিক যোগাযোগমাধ্যমে সেলফিগুলো প্রকাশ করে মিমি লেখেন, ‘সেলফি কুমারী। বিনা মেকআপেরগুলো আমার পছন্দ, আর মেকআপওয়ালাগুলো ওনার।’
ব্যস, মিমির এই ‘উনি’ শব্দটিই এখন টলিপাড়ার আলোচনার কেন্দ্রে। কে সেই ব্যক্তি, যার পছন্দ-অপছন্দ নিয়ে প্রকাশ্যে এমন ইঙ্গিত দিলেন অভিনেত্রী—তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।
মিমির ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা অঙ্কুশ হাজরাও কৌতূহল সামলাতে না পেরে মন্তব্য করেন, ‘এই উনাটা কে?’ মিমির জবাবও ছিল বেশ রহস্যময়—‘মাইন্ড ইয়োর ওন বিজনেস।’
এই কথোপকথনের পর মিমির বিয়ে নিয়ে গুঞ্জনে যেন নতুন মাত্রা যোগ হয়েছে।
বাগদান নভেম্বরে, বিয়ে ডিসেম্বরে?
টলিপাড়ায় গুঞ্জন, আগামী নভেম্বরেই মিমির বাগদান ও রেজিস্ট্রি হতে পারে। এরপর ডিসেম্বর মাসে পাহাড়ের শহর কালিম্পংয়ে বসতে পারে বিয়ের আসর। অর্থাৎ মিমির বিয়ের আয়োজন হতে পারে ডেস্টিনেশন ওয়েডিংয়ের আদলে—এমনটাই শোনা যাচ্ছে।
তবে এসব তথ্যের কোনোটি এখনো মিমি নিজে নিশ্চিত করেননি।
কে সেই কথিত হবু বর?
মিমির কথিত হবু বর হিসেবে আলোচনায় রয়েছেন সিদ্ধার্থ নামের এক ব্যক্তি। তিনি নৌসেনায় কর্মরত বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। পুজোর আড্ডায় মিমির বন্ধুদের সঙ্গেও তাকে দেখা গেছে বলে গুঞ্জন রয়েছে। এমনকি মিমির সঙ্গে একই ফ্রেমে তার সেলফি নিয়েও শুরু হয়েছে আলোচনা।
তবে সম্পর্ক কিংবা বিয়ে—কোনোটিই এখনো প্রকাশ্যে স্বীকার করেননি মিমি। ফলে অভিনেত্রীর একটি ছোট্ট পোস্টই এখন ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
১১ বছর পর রাজের প্রযোজনায় মিমি
ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার পাশাপাশি নতুন কাজ নিয়েও ব্যস্ত মিমি। দীর্ঘ ১১ বছর পর রাজ চক্রবর্তীর প্রযোজনায় সিনেমায় ফিরছেন তিনি। অয়ন চক্রবর্তীর পরিচালনায় ছবিটির নাম ‘তাণ্ডব’।
২০১৫ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘কাটমুণ্ডু’ সিনেমায় সর্বশেষ কাজ করেছিলেন মিমি। সেই সময় দুজনের প্রেমের সম্পর্ক নিয়েও ছিল ব্যাপক আলোচনা। ২০১৬ সালের আগস্টে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।
এবার ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের গুঞ্জনের মধ্যেই রাজের প্রযোজনায় মিমির নতুন সিনেমা—সব মিলিয়ে ফের আলোচনার কেন্দ্রে এই টলিউড অভিনেত্রী।