২০১৬ সালে প্যারিসে সশস্ত্র ডাকাতির শিকার হয়েছিলেন মার্কিন তারকা কিম কার্দাশিয়ান। পুলিশের ছদ্মবেশে ঢুকে ডাকাতেরা তাঁর কাছ থেকে লুটে নেয় ৬০ লাখ ডলারের বেশি মূল্যের গয়না। সেই ঘটনার প্রায় এক দশক পর আদালতের রায়ে ক্ষতিপূরণ হিসেবে কিম পেলেন মাত্র ১ ইউরো।
মঙ্গলবার প্যারিসের একটি আদালত কিমকে ১ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। তবে এই পরিমাণ অর্থ কিম নিজেই দাবি করেছিলেন বলে মামলার সঙ্গে সংশ্লিষ্ট এক আইনজীবী জানিয়েছেন।
২০১৬ সালের ২ অক্টোবর ফ্রান্সে ‘ফ্যাশন উইক’ চলাকালে একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করছিলেন কিম। এ সময় পুলিশের পোশাক পরা দুই ডাকাত তাঁর স্যুইটে ঢুকে তাঁকে জিপ টাই ও টেপ দিয়ে বেঁধে ফেলেন। পরে তাঁর কাছ থেকে ৬০ লাখ ডলারের বেশি মূল্যের গয়না নিয়ে পালিয়ে যান তাঁরা।
লুট হওয়া গয়নার মধ্যে ছিল একটি হীরার আংটিও। ডাকাতির কয়েক ঘণ্টা আগেই একটি ফ্যাশন শোতে সেই আংটি পরেছিলেন কিম।
ঘটনার পর শুরু হয় দীর্ঘ বিচারপ্রক্রিয়া। গত বছর মামলায় আটজনকে দোষী সাব্যস্ত করা হয়। ডাকাত দলের সদস্যদের বেশির ভাগের বয়স বেশি হওয়ায় ফ্রান্সে তারা ‘গ্র্যান্ডপা রবার্স’ নামে পরিচিতি পান। বিচার চলাকালে তাদের কয়েকজনের বয়স ছিল ৬০ থেকে ৭০ বছরের মধ্যে।
তবে শুধু কিম নন, ওই ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত অন্যদেরও ক্ষতিপূরণ দিয়েছে আদালত। হোটেল দ্য পোরতালেসের সাবেক এক রিসেপশনিস্টকে ১ লাখ ৯ হাজার ৫১৬ ইউরো এবং হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার ইউরো দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কিমের স্টাইলিস্ট সিমন হারুশকেও দেওয়া হয়েছে ১ ইউরো—যে পরিমাণ ক্ষতিপূরণ তিনিও দাবি করেছিলেন।
ডাকাতির ঘটনাটিকে কিম তাঁর জীবনের অন্যতম ভয়ংকর অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছিলেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর রায় ঘোষণায় তিনি ও তাঁর স্টাইলিস্ট ফরাসি বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ওই অভিজ্ঞতা ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং এর প্রভাব এখনো তাদের মনে রয়েছে। তাদের ভাষ্য, আদালতের রায় শুধু ক্ষতিপূরণের বিষয় নয়; এটি জবাবদিহি ও ঘটনার স্বীকৃতিরও প্রতিফলন।
ডাকাতদের দোষী সাব্যস্ত করার পর কিম জানিয়েছিলেন, ভয়াবহ ওই রাতের কথা তিনি কখনো ভুলতে পারবেন না। তবে ন্যায়বিচার নিশ্চিত করতে ফরাসি কর্তৃপক্ষের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।