বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন ও বিক্রি, লেবেলবিহীন খাদ্যপণ্য বাজারজাত এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় পাঁচটি হোটেল ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার ধুনট মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জরিমানা করা হয় এবং পাঁচটি মামলা করা হয়।
অভিযানে ধুনট মোড় এলাকার হোটেল আখিমনিকে ৫০ হাজার টাকা এবং মা-মনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে বাসস্ট্যান্ড এলাকার শম্পা দধি ভান্ডারকে ১০ হাজার, চৈতি দধি ভান্ডারকে ২৫ হাজার এবং সাউদিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন। অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।
অভিযান চলাকালে কয়েকটি প্রতিষ্ঠানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দই প্রস্তুত ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া লেবেলবিহীন পণ্য বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অনিয়মও ধরা পড়ে।
এসব অনিয়মের ঘটনায় বিএসটিআইয়ের সংশ্লিষ্ট আইনের ধারায় পাঁচটি মামলা করা হয়েছে।
অভিযান শেষে প্রতিষ্ঠানগুলোর মালিকদের সাত দিনের মধ্যে চিহ্নিত ত্রুটি ও অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া দ্রুত শুরু করতে বলা হয়েছে।