নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সীমানা আরও বড় করার উদ্যোগ এগিয়েছে। সদর উপজেলার ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নের পুরো এলাকা সিটি করপোরেশনের আওতায় আনার সুপারিশ করেছে জেলা প্রশাসন। তবে আপত্তির মুখে কাশীপুর ইউনিয়নের দুটি ওয়ার্ড অন্তর্ভুক্তির প্রাথমিক প্রস্তাব থেকে সরে এসেছে প্রশাসন।
গত ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। ওই প্রতিবেদনে নাসিকের সীমানা সম্প্রসারণ নিয়ে জেলা প্রশাসনের মতামত ও সুপারিশ তুলে ধরা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন বিধিমালা অনুসরণ করে নাসিকের সীমানা বাড়ানোর বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট এলাকার মানুষের মতামত জানতে গত ২৭ জুলাই ও ১১ আগস্ট গণশুনানির আয়োজন করা হয়।
গণশুনানিতে পাওয়া মতামত ও সিদ্ধান্তের ভিত্তিতে পরে সংশ্লিষ্ট এলাকা সরেজমিনে পরিদর্শনের জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা প্রস্তাবিত এলাকাগুলো ঘুরে দেখেন এবং ড্রোনে ধারণ করা ভিডিও ফুটেজসহ বিস্তারিত প্রতিবেদন জমা দেন।
যেসব কারণে অন্তর্ভুক্তির সুপারিশ
জেলা প্রশাসনের প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার জনসংখ্যা, মানুষের পেশাগত অবস্থান, শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা, বিদ্যমান অবকাঠামো এবং স্থানীয় বাসিন্দাদের মতামত বিবেচনা করে ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নের পুরো এলাকা সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির উপযোগী বলে বিবেচিত হয়েছে।
সে অনুযায়ী তিনটি ইউনিয়নের পুরো এলাকা নাসিকের সীমানায় যুক্ত করার সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে, সর্বশেষ প্রতিবেদনে কাশীপুর ইউনিয়নের কোনো এলাকা সিটি করপোরেশনে যুক্ত করার সুপারিশ করা হয়নি। এর আগে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে কাশীপুর ইউনিয়নের দুটি ওয়ার্ড নাসিকের আওতায় আনার প্রস্তাব ছিল।
আপত্তির কারণে কাশীপুর বাদ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, গণশুনানিতে পাওয়া মতামতের ভিত্তিতে তিনটি ইউনিয়নের পুরো এলাকা সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির সুপারিশ করে প্রতিবেদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, কাশীপুর ইউনিয়নের দুটি ওয়ার্ড যুক্ত করার প্রাথমিক প্রস্তাব থাকলেও সেখান থেকে আপত্তি আসায় শেষ পর্যন্ত ওই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।
জেলা প্রশাসক জানান, জেলা প্রশাসনের প্রতিবেদনের ভিত্তিতে এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।