শিল্পকারখানায় বিদ্যুৎ ও গ্যাসের সংকট কাটাতে আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকেই সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই আশ্বাসে দ্রুত স্বাভাবিক উৎপাদনে ফেরার আশা করছেন শিল্পোদ্যোক্তারা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দেশের ২০টির বেশি ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবুল কালাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, বৈঠকে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগের কথা প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, আগামীকাল থেকেই এ খাতে উন্নতি দেখা যাবে।
আবুল কালাম বলেন, মিল, কারখানা ও ফ্যাক্টরিগুলোর যে পরিমাণ বিদ্যুৎ ও গ্যাস প্রয়োজন, তা আগের মতো সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এতে শিল্পকারখানাগুলো উৎপাদন স্বাভাবিক পর্যায়ে নিয়ে যেতে পারবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাসে ব্যবসায়ী মহল আশাবাদী। এর আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতিরও বাস্তব প্রতিফলন তারা দেখেছেন বলে জানান তিনি।
বৈঠকে বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা শিল্পকারখানায় বিদ্যুৎ ও গ্যাসের সংকটসহ প্রশাসনিক জটিলতা, ব্যবসা পরিচালনা এবং বাণিজ্যসংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেন।
ব্যবসায়ীদের বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
উচ্চপর্যায়ের এ বৈঠকে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডা চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পেট্রোবাংলা ও পিডিবির চেয়ারম্যানসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া এফবিসিসিআই, আইসিসিবি, এমসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ দেশের প্রায় ২৪টি খাতভিত্তিক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।