জাতীয় রাজনীতির উত্তাপ না কাটতেই এবার তৃণমূলের ভোটের মাঠেও বাজছে নির্বাচনের দামামা। নভেম্বরের মাঝামাঝি থেকেই শুরু হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গ্রাম-গঞ্জে শুরু হবে প্রার্থী, সমর্থক ও রাজনৈতিক কর্মীদের দৌড়ঝাঁপ; সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় জমে উঠবে ভোটের হিসাব-নিকাশ। নির্বাচন কমিশনের (ইসি) পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বে এই নির্বাচনী উত্তাপ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার লক্ষ্য রয়েছে। প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে কয়েকটি ধাপে দেশের অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করা হবে।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েকটি ধাপে সম্পন্ন করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে।
আইন সংশোধনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নতুন কোনো আইন বা সংশোধনী না এলে বিদ্যমান আইন অনুযায়ীই নির্বাচন পরিচালনা করবে কমিশন।
তিনি জানান, বর্তমান আইন বহাল থাকলে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো আইনগত বা কার্যগত জটিলতা হবে না।