ডোপ টেস্টে মাদক গ্রহণের আলামত পাওয়ার পর পুলিশ সুপার আ ফ ম নিজাম পিপিএম-বারকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আ ফ ম নিজাম বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। এর আগে মিরপুরে চলমান ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নেওয়ার সময় গত ৭ জুন তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকার সিএমএইচে পাঠানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার মাদক পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে বেনজোডায়াজেপিনস এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন পজিটিভ পাওয়া যায়।
সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ডোপ টেস্টে এমন ফলাফল ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্তের প্রয়োজনীয়তা দেখা দেয়।
এর ধারাবাহিকতায় গত ৩১ আগস্ট থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে একই বিধির আওতায় আ ফ ম নিজামকে চাকরি থেকে সামগ্রিকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।