জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে হবিগঞ্জের বানিয়াচংয়ে দুইপক্ষের সংঘর্ষে তাহির মিয়া (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার চালবন হাওড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত তাহির মিয়া উপজেলার খাগাউড়া ইউনিয়নের কুর্শা খাগাউড়া গ্রামের মৃত তাজিম উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে তাহির মিয়া তাঁর ভাই শহীদ মিয়া ও আনু মিয়াকে নিয়ে চালবন হাওড়ে নিজেদের জমির আগাছা পরিষ্কার করতে যান। এ সময় প্রতিবেশী চজাহির উল্লাহ, শরীফ, বক্করসহ কয়েকজন তাদের কাজে বাধা দেন।
এ নিয়ে দুইপক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়লে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তাহির মিয়া, তাঁর ভাই শহীদ মিয়া, আনু মিয়া ও স্বপ্না বেগম আহত হন।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাহির মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, জায়গাজমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে সংঘর্ষে কৃষক নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।