শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি ভারতীয় দল।
রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল শেষে প্রায় ৫০ মিনিট পর পুরস্কার বিতরণী শুরু হয়। নাকভি রানার্সআপ শ্রীলঙ্কার হাতে প্রাইজমানি তুলে দেওয়ার পর ভারতীয় খেলোয়াড়েরা মঞ্চে না ওঠায় চ্যাম্পিয়ন ট্রফি ও পদক দেওয়া হয়নি।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, নাকভির কাছ থেকে ট্রফি নিতে আপত্তি জানায় ভারত। তাঁর পরিবর্তে এসিসির সহসভাপতি খালিদ আল জারুনির কাছ থেকে ট্রফি নেওয়ার প্রস্তাব দিয়েছিল তারা। তবে নাকভি তাতে সম্মতি দেননি। নাকভি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
মাঠে থাকা বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ও সহসভাপতি রাজীব শুক্লাও পুরস্কার বিতরণীর মঞ্চে ওঠেননি। অধিনায়ক হারমানপ্রীত কৌরও মঞ্চে যাননি। পরে ভারতীয় দলের ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষের উদ্যোগে সেরা ফিল্ডার নন্দনী শর্মাকে একটি পদক দেওয়া হয়।
এক বছর আগেও একই ঘটনা
২০২৫ সালের ছেলেদের এশিয়া কাপের ফাইনালেও নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি ভারত। এরপর ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনে দুই দলের ক্রিকেটারদের মধ্যে টস কিংবা ম্যাচ শেষে করমর্দনের ঘটনাও বন্ধ রয়েছে।
পুরস্কার বিতরণী নিয়ে ভারতের অবস্থানকে সমর্থন করেছেন কোচ অমল মুজুমদার। তিনি বলেন, বিসিসিআইয়ের সিদ্ধান্তের সঙ্গে পুরো দল ও কোচিং স্টাফ একমত। তাঁর ভাষায়, ‘আমরা চ্যাম্পিয়ন, সেটাই যথেষ্ট।’