জুনিয়র এশিয়া কাপ হকিতে জয় দিয়ে মিশন শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। শনিবার (১২ সেপ্টেম্বর) পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার ক্ষীণ সম্ভাবনাটি টিকিয়ে রেখেছে লাল-সবুজের মেয়েরা।
চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। তবে প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও কোনো দলই গোলের দেখা পায়নি।
তৃতীয় কোয়ার্টারে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক সারিকা রিমন।
এরপর চতুর্থ কোয়ার্টারে দারুণ এক ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কনা আক্তার। এতে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ।
ম্যাচের শেষ দিকে ৫৯ মিনিটে একটি গোল শোধ করে মালয়েশিয়া। তবে শেষ মুহূর্তের চাপ সামলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।
এর আগে কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ২-০ গোলে হেরে সরাসরি জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছিল বাংলাদেশ। নিয়ম অনুযায়ী, আগামী বছর মেয়েদের জুনিয়র বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হলে আয়োজক হিসেবে ভারত সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। সেক্ষেত্রে এশিয়া থেকে অতিরিক্ত একটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
জুনিয়র এশিয়া কাপে পঞ্চম হওয়ায় সেই অতিরিক্ত সুযোগটি পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। ফলে মালয়েশিয়ার বিপক্ষে এই জয় শুধু পঞ্চম স্থান নিশ্চিত করেনি, বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপের স্বপ্নও বাঁচিয়ে রেখেছে।