এশিয়া কাপ জুনিয়র হকিতে পাকিস্তানের কাছে হেরে কঠিন সমীকরণে পড়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের শেষ গ্রুপ ম্যাচে ৩-০ গোলে হারের পর এখন পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে জাপানের মুখোমুখি হবে লাল-সবুজের দল। আর সেই ম্যাচেই নির্ধারিত হবে যুব বিশ্বকাপে বাংলাদেশের খেলার ভাগ্য।
জাপানের বিপক্ষে ম্যাচটি তাই বাংলাদেশের জন্য হয়ে উঠেছে ‘ডু অর ডাই’। জয় পেলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার সুযোগ থাকবে। ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে কোনো ভুল করতে চান না বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ মওদুদুর রহমান শুভ।
তিনি বলেন, আমরা জাপানের বিপক্ষে জয় ছাড়া আর কিছু ভাবছি না। শেষ ম্যাচে আর কোনো ভুল করা যাবে না। আমরা আশাবাদী। এখনো টিকে আছি এবং জাপানকে হারিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করার চেষ্টা করবো।
চীনে অনুষ্ঠিত টুর্নামেন্টে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হারে তারা। তবে তৃতীয় ম্যাচে কাজাখস্তানকে ৪-২ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল দলটি।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ম্যাচের নবম মিনিটে রানা ওয়ালিদের ফিল্ড গোলে এগিয়ে যায় পাকিস্তান। তিন মিনিট পর, ১২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন তিনি। প্রথম কোয়ার্টারেই দুই গোলের লিড নেয় পাকিস্তান।
পরের দুই কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। রক্ষণ সামলে পাকিস্তানের আক্রমণ ঠেকানোর পাশাপাশি পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরির চেষ্টা করলেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের ৫২তম মিনিটে বাংলাদেশের প্রতিরোধ ভেঙে তৃতীয় গোলটি করে পাকিস্তান। মোস্তফা গুলামের ফিল্ড গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধানেই ম্যাচ শেষ হয়।
এখন পাকিস্তানের বিপক্ষে হারের হতাশা পেছনে ফেলে জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে হবে বাংলাদেশকে। বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রাখতে সেই ম্যাচে জয়ের বিকল্প নেই।