টানা দুই হারের পর অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে কাজাখস্তানকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার আশা জিইয়ে রেখেছে বাংলাদেশের যুবারা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। একের পর এক আক্রমণে কাজাখস্তানের ওপর চাপ তৈরি করে চারবার বল জালে পাঠায় লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন শিমুল ইসলাম, মেহেদী হাসান অভি, তৈয়ব আলী ও মুন্না ইসলাম।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরেছিল বাংলাদেশ। টানা দুই পরাজয়ে কিছুটা চাপে পড়ে গেলেও কাজাখস্তানের বিপক্ষে দাপুটে জয়ে ফের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তরুণরা।
এই জয়ের ফলে বিশ্বকাপে খেলার লড়াইয়ে বাংলাদেশের সম্ভাবনাও আরও উজ্জ্বল হলো। শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ করতে পরের ম্যাচগুলোতেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে তাদের।