লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রিস্তিয়ান রোমেরো। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিষয়টি নিশ্চিত করেছে।
মেসির সঙ্গে নিকোলাস ওতামেন্দিও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোয় আর্জেন্টিনা দলে নতুন নেতৃত্বের প্রয়োজন দেখা দেয়। সেই দায়িত্ব এবার ২৮ বছর বয়সী রোমেরোর কাঁধে তুলে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
তবে রোমেরোর অধিনায়ক হওয়ার বিষয়টি একেবারে নতুন নয়। বিশ্বকাপের আগেই তাকে দলের তৃতীয় অধিনায়ক হিসেবে নির্ধারণ করা হয়েছিল। প্রথম ও দ্বিতীয় অধিনায়কের বিদায়ের পর এবার পূর্ণাঙ্গ নেতৃত্ব পেলেন এই ডিফেন্ডার।
অধিনায়ক নির্বাচনে এমিলিয়ানো মার্তিনেস ও নিকোলাস তালিয়াফিকোর মতো অভিজ্ঞ খেলোয়াড়দের পেছনে ফেলে রোমেরোর ওপর আস্থা রেখেছেন স্কালোনি।
আর্জেন্টিনার জার্সিতে এরই মধ্যে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রোমেরোর। জাতীয় দলের হয়ে ৫৮ ম্যাচ খেলা এই ডিফেন্ডার তিনটি ম্যাচে আর্মব্যান্ড পরেছেন। গত বছর বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে প্রথমবার আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন তিনি। ওই ম্যাচে ১-০ গোলে জয় পায় আলবিসেলেস্তেরা।
এরপর একই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ এবং সর্বশেষ গত মার্চে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়েও অধিনায়কের দায়িত্ব পালন করেন রোমেরো।
মেসির দীর্ঘ নেতৃত্বের পর আর্জেন্টিনা ফুটবলে শুরু হচ্ছে নতুন অধ্যায়। সেই অধ্যায়ে দলকে নেতৃত্ব দিয়ে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার বড় দায়িত্ব এখন রোমেরোর সামনে।