বার্সার বড় জয় ছাপিয়ে আলোচনায় ক্যাম্প ন্যুর ‘বৃষ্টিকাণ্ড’

ক্রীড়া ডেস্ক

খেলা

কোটি কোটি ইউরো ব্যয়ে সংস্কার চলছে বার্সেলোনার ঐতিহাসিক হোম ভেন্যু ক্যাম্প ন্যুর। কাজ এখনো শেষ হয়নি, তার মধ্যেই প্রবল বৃষ্টিতে

2026-09-10T18:04:08+00:00
2026-09-10T18:04:08+00:00
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বার্সার বড় জয় ছাপিয়ে আলোচনায় ক্যাম্প ন্যুর ‘বৃষ্টিকাণ্ড’
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম 
সংগৃহীত ছবি
কোটি কোটি ইউরো ব্যয়ে সংস্কার চলছে বার্সেলোনার ঐতিহাসিক হোম ভেন্যু ক্যাম্প ন্যুর। কাজ এখনো শেষ হয়নি, তার মধ্যেই প্রবল বৃষ্টিতে স্টেডিয়ামের প্রেসবক্সের একটি অংশে ঢুকে পড়ল পানি। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, কাজ ফেলে কয়েকজন সাংবাদিককে সেখান থেকে সরে যেতে হয়েছে।

৯ সেপ্টেম্বর রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ক্যাম্প ন্যুতে ডাচ ক্লাব ফেইনুর্ডের মুখোমুখি হয় বার্সেলোনা। মাঠে তখন চলছিল ম্যাচ, আর গ্যালারির পাশাপাশি বৃষ্টির পানি ঢুকে পড়ে সাংবাদিকদের কাজের জায়গাতেও।

ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, স্টেডিয়ামের একটি অংশের ছাদ থেকে ঝরনার মতো পানি পড়তে থাকে। মুহূর্তেই ভিজে যায় সাংবাদিকদের টেবিল, চেয়ার ও বিভিন্ন সরঞ্জাম। পরিস্থিতি সামাল দিতে কেউ কেউ দ্রুত মোবাইল ফোন, ব্যাগ ও প্রয়োজনীয় কাগজপত্র সরিয়ে নেন।

তবে ঘটনাটিকে ক্যাম্প ন্যুর ‘নতুন ছাদ ফুটো’ হিসেবে দেখার সুযোগ নেই। কারণ, বিশ্বের অন্যতম পরিচিত এই স্টেডিয়ামের সংস্কারকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।

দ্য অ্যাথলেটিক-এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাম্প ন্যুর তৃতীয় স্তরের কাজ এখনো বাকি। পাশাপাশি স্টেডিয়ামে রিট্র্যাকটেবল রুফ বা খোলা-বন্ধ করা যায় এমন ছাদ বসানোর কাজও শুরু হয়নি। এই কাজ ২০২৭ সালের মাঝামাঝি শুরু হওয়ার কথা রয়েছে।

জার্মান সংবাদমাধ্যম লাওলা১ জানিয়েছে, ক্যাম্প ন্যুতে এখনো পূর্ণাঙ্গ ছাদই নেই। অথচ সংস্কার প্রকল্পে এরই মধ্যে ব্যয় হয়েছে এক বিলিয়ন ইউরোর বেশি।

ফলে প্রবল বৃষ্টির মধ্যে প্রেসবক্সে পানি ঢোকার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে স্টেডিয়ামের চলমান সংস্কারকাজের মান ও প্রস্তুতি নিয়ে। বিশেষ করে কোটি কোটি ইউরো ব্যয়ের পরও এমন পরিস্থিতি তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে।

তবে মাঠের পারফরম্যান্সে বৃষ্টির কোনো প্রভাব পড়তে দেয়নি বার্সেলোনা। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দারুণ ফুটবল উপহার দিয়ে ফেইনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে হান্সি ফ্লিকের দল।

তবু বড় ব্যবধানে জয় পাওয়ার আনন্দের মধ্যেও ম্যাচের পর আলোচনায় উঠে এসেছে ক্যাম্প ন্যুর প্রেসবক্সে পানি ঢোকার ঘটনা। ঐতিহাসিক স্টেডিয়ামটির সংস্কার পুরোপুরি শেষ হওয়ার আগেই এমন ঘটনায় প্রশ্ন উঠছে—বহু অর্থের এই সংস্কার প্রকল্প শেষ হলে ক্যাম্প ন্যু কতটা আধুনিক ও নিরাপদ রূপ পাবে?


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: