ঢাকার সিটি নির্বাচনের মাঠে বড় চমক নিয়ে হাজির জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর দুই সিটে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে নির্বাচনী লড়াইয়ের আনুষ্ঠানিক জানান দিয়েছে দলটি। ঢাকা উত্তরে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করেছে এনসিপি।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুই মহানগরের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে আয়োজিত সমন্বয় সভায় এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।
মেয়র প্রার্থী ঘোষণার পাশাপাশি ঢাকার দুই সিটিতে নির্বাচনী প্রস্তুতিও জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় ওয়ার্ডভিত্তিক সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাই, নাগরিক সমস্যার তালিকা তৈরি এবং সেগুলোর কার্যকর সমাধানে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
নাহিদ ইসলাম জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। একই সঙ্গে আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিষয়ে সতর্ক থেকে কঠোর নজরদারি রাখার কথাও জানান তিনি।
এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনী কার্যক্রমে ওয়ার্ডভিত্তিক জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি স্থানীয় নাগরিক সমস্যাগুলোকে গুরুত্ব দেওয়া হবে।
সমন্বয় সভায় এনসিপি ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার, উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
দুই সিটিতে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে ঢাকার নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান স্পষ্ট করল এনসিপি। এখন আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে সামনে রেখে রাজধানীর দুই সিটিতে নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি এগিয়ে নিতে চায় দলটি।