
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত রিটটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করেছেন বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।
আদালতে রিটের বিষয়ে আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত নূরনবী বুলবুলের বক্তব্য ছিল, রিটকারী মো. আল আমিন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট নন। এ কারণে প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করার ক্ষেত্রে তার আইনগত অধিকার বা এখতিয়ার রয়েছে কি না, সে বিষয়ে প্রশ্ন তোলা হয়।
রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইউনূস আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।
এর আগে গত ৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিন হাইকোর্টে রিটটি দায়ের করেন। এতে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।
রিট আবেদনে ওই প্রজ্ঞাপনকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছিল। একই সঙ্গে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রজ্ঞাপনটির কার্যক্রম স্থগিত রাখারও আবেদন করা হয়।
২০২৫ সালের ১২ মে জারি করা ওই প্রজ্ঞাপনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রকাশনা ও প্রচার, গণমাধ্যমে বক্তব্য, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ এবং সম্মেলনসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল।