কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে ঢাকার গুলশানে পুলিশের অভিযানে আরও ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ওই মিছিলের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে। শনিবার রাতে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। তবে নতুন করে গ্রেপ্তার হওয়া ৪০ জনের নাম-পরিচয় জানানো হয়নি।
শুক্রবার দুপুরে গুলশান-১ এলাকায় আওয়ামী লীগের কয়েকশ নেতা-কর্মীর অংশগ্রহণে মিছিল বের হয়। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দুজনকে আটক করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলকারীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়।
মিছিলের ঘটনায় একইদিন গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। মামলাটির নম্বর ১৬।
এর আগে শনিবার পুলিশ জানিয়েছিল, ঘটনাস্থল থেকে দুজনসহ মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শনিবার রাতে আরও ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে ওই ঘটনায় এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে গ্রেপ্তার হওয়া ২৪ জনকে শনিবার আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রুহুল আমিন।
শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।