আসিফ নজরুলকে নিয়ে এবার সরাসরি বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। পোষা ছাগল হারানোর ঘটনা প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল।’ শুধু তাই নয়, আসিফ নজরুলকে ‘খুব ভালো মানুষ না’ বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সামনে সুযোগ পেলে আরও একটি ছাগল খাওয়ার কথাও বলেন পাটওয়ারী।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এর আগে রংপুর অভিমুখে লংমার্চ উপলক্ষে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি প্রস্তুতি সভায় অংশ নেন তিনি।
আসিফ নজরুলের ছাগল প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল। আসিফ নজরুল খুব ভালো মানুষ না।’
তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের দেড় বছরে আসিফ নজরুল গরু-ছাগল-মুরগি পালন শুরু করেছিলেন এবং সেখানে পুলিশের নিরাপত্তাও দেওয়া হয়েছিল।
তবে ছাগল খাওয়ার ঘটনা নিয়ে তাকে ‘ফ্রেমিং’ করা হচ্ছে—এমন দাবি করে পাটওয়ারী বলেন, তিনি কারা কী খেয়েছেন, তা দেখেছেন। একটি ছাগল না খাওয়ানোর জন্য তিনি তাদের ধিক্কার জানিয়েছেন বলেও মন্তব্য করেন।
তার ভাষায়, সুযোগ পেলে সামনে আরও একটি ছাগল খাওয়া হবে।
যে ঘটনা নিয়ে বিতর্ক
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে অংশ নিয়ে নিজের পোষা ছাগল হারিয়ে যাওয়ার ঘটনা এবং এর পর নিজের ছোট মেয়ের মানসিক অবস্থার কথা তুলে ধরেন আসিফ নজরুল।
তিনি ওই ঘটনাকে জীবনের অন্যতম হৃদয়বিদারক ঘটনা হিসেবে বর্ণনা করেন। ছাগল চুরির ঘটনাকে প্রতিশোধ হিসেবে দেখানো হয়ে থাকলে যারা এটি করেছে, তাদের কঠোর ভাষায় সমালোচনাও করেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের শেষ দিকে রাজধানীর হেয়ার রোডে আসিফ নজরুলের সরকারি বাসভবন থেকে তার ছোট মেয়ের পোষা ছাগল নিখোঁজের ঘটনা রাজনৈতিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ডিসেম্বরের এক রাতে সরকারি বাংলো থেকে ছাগলটি উধাও হয়ে যায়। সেই ঘটনাকে ঘিরেই পরবর্তী সময়ে নানা আলোচনা ও পাল্টাপাল্টি মন্তব্য সামনে আসে।